Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রূপপুরে ফ্ল্যাট থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে 

আপডেট : ২৭ মে ২০২৬, ০২:৪৯ পিএম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক এলাকায় এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) রাতে গ্রিন সিটির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত রুশ নাগরিকের নাম লতিপভ (৪৪)। তিনি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের একটি রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানে কেমিক্যাল ওয়াটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্রিন সিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮৪ নম্বর ফ্ল্যাটে লতিপভকে তার বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ওই রুশ নাগরিক দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। 

   

About

Popular Links

x