Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান

আপডেট : ৩০ মে ২০২৬, ০১:৪১ পিএম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও সন্তান হারানো মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এর মধ্যে একজন মায়ের অনুরোধে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওই সময়ে বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, তদন্তকারী দল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওয়ার্ডের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যালোচনা করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি স্পষ্ট হবে।

উল্লেখ্য, গত ২৬ মে দিবাগত রাতে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। অভিযোগ রয়েছে, ঠান্ডার কারণে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য ওয়ার্ডের এসি বন্ধ রাখা হয়। পরে এসি পুনরায় চালু করার পর কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং একপর্যায়ে ছয় নবজাতকের মৃত্যু হয়।

 

   

About

Popular Links

x