রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার নতুন আকর্ষণ হয়ে উঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল প্রজাতির সাদা মহিষ। প্রাণীটিকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। এর স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ পরিচর্যার ব্যবস্থা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, তীব্র গরমে প্রাণীটিকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাশাপাশি পাইপের মাধ্যমে নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই খাঁচায় একটি স্ট্যান্ড ফ্যান স্থাপন করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খেয়ে থাকে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে তার খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হয়। সকাল ৯টায় ছোলা ও ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টায় আবার ছোলা-ভুসি সরবরাহ করা হয়।
গত বুধবার রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে বাংলায় "সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)" এবং ইংরেজিতে "Albino Buffalo" লেখা পরিচিতি বোর্ড স্থাপন করা হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানায়, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি অবাধে চলাফেরা করতে পারে। তবে গৃহপালিত প্রাণী হওয়ায় "ডোনাল্ড ট্রাম্প"কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই সে অভ্যস্ত।



