Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসিভক্ত ভ্যানচালকের গল্প: ঋণের টাকায় স্বপ্নপূরণ

আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকে নিজের গ্রামকে সাজিয়ে তুলছেন তিনি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:০০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে দিয়েছেন ভ্যানচালক সুমন। তবে এলাকায় তিনি বেশি পরিচিত “মেসি সুমন” নামে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা থেকে এবারও নীল-সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন ও নানা সাজসজ্জায় নিজের বসতিপাড়াকে সাজিয়ে তুলছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, দূর থেকে দেখলে এলাকাটি যেন ছোট্ট একটি “আর্জেন্টিনা গ্রাম”। আর এই আয়োজনের জন্য স্ত্রী আরতি রাণী ও ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমার নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন সুমন। সেই অর্থই ব্যয় করা হচ্ছে পতাকা, ব্যানার, রং ও অন্যান্য সাজসজ্জার কাজে।

শুধু সাজসজ্জাতেই নয়, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না করে আপ্যায়নের পরিকল্পনাও রয়েছে তার।

সুমনের নিজস্ব কোনো জমিজমা নেই। সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। জীবিকা নির্বাহ করেন ভ্যান চালিয়ে। সংসারে অভাব-অনটন থাকলেও ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি।

সুমন বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। এখন সবাই আমাকে ‘মেসি সুমন’ নামেই চেনে। বিশ্বকাপ এলেই আমি চেষ্টা করি প্রিয় দলের জন্য কিছু করতে। এটা আমার ভালোবাসা।”

তার স্ত্রী আরতি রাণী বলেন, “অনেক বছর ধরেই স্বামীর আর্জেন্টিনাপ্রেম দেখে আসছি। সংসারে অভাব আছে, তবুও বিশ্বকাপ এলে তিনি সবকিছু ভুলে যান। এত টাকা খরচ করে এসব করা পাগলামি মনে হলেও স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সুমন অত্যন্ত দরিদ্র হলেও প্রতি বিশ্বকাপেই ঋণ নিয়ে এলাকায় সাজসজ্জা ও খাওয়াদাওয়ার আয়োজন করেন। এ কারণেই তিনি এলাকায় “মেসি সুমন” নামে পরিচিতি পেয়েছেন।

   

About

Popular Links

x