জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন সেই অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে উদ্ধার করার পর বর্তমানে তার পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মণ (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।
সীমান্ত সূত্র জানায়, রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যান্স ল্যান্ডে দীর্ঘ ২৪ ঘণ্টা অসহায় অবস্থায় আটকে ছিলেন এই বৃদ্ধ। অবশেষে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের একটি দল তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত বুধবার সকালে রামরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তীব্র বাধা দিলে সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএসএফ তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানালে দীর্ঘ সময় তাকে শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়।
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের ছবি ও ভিডিও বিভিন্ন টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে (ভাইরাল) তা রাজশাহীতে তার পরিবারের সদস্যদের নজরে আসে। পরে পরিবারের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার ছবি দেখে পরিচয় নিশ্চিত করা হয়।
ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বকশীগঞ্জ থানায় সুস্থ শরীরে অবস্থান করছেন। রাজশাহীর গোদাগাড়ী থেকে তার পরিবারের সদস্যরা বকশীগঞ্জ থানায় এসে পৌঁছালেই আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



