Friday, August 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু আশাপ্রকাশ করে বলেন, “মির্জা ফখরুলের দীর্ঘদিনের জনজীবনের অভিজ্ঞতা এবং সুদীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণের সেবায় এক সফল ও সমৃদ্ধ মেয়াদের সূচনা করবে।”

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ ও ভারতের গভীর সম্পর্কের কথা স্মরণ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, “দুই দেশের সম্পর্ক অত্যন্ত অনন্য। আমাদের অভিন্ন ইতিহাসের আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের এই সম্পর্ক গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।” দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।

   

About

Popular Links

x