কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে ‘পুশ ইন’ করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের প্রবেশ ঠেকিয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ জুন) ভোর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে ওই ১২ জনকে ‘পুশ ইন’ করে বিএসএফ। স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে বিজিবির সহায়তায় ১৪৮ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়।
বর্তমানে তারা দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টাকে প্রতিরোধ করতে বিজিবি ও স্থানীয় জনতা অবস্থান নিয়েছে।
ওসি আরিফুর রহমান বলেন, “বিষয়টি সঙ্গে সরাসরি বিজিবি সম্পৃক্ত। উনারা পুলিশকে যেভাবে বলবেন সেভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”



