Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্মসমর্পণ করতে যাচ্ছেন মুফতি আমির হামজা

আদালত তার প্রতি সমন জারি করে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

সরকারের মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন আলোচিত ইসলামী বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রবিবার (১৪ জুন) দুপুরে তিনি আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, এর আগে এক ধর্মীয় ওয়াজ মাহফিলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছিলেন মুফতি আমির হামজা। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই বক্তব্যের ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ আদালতে মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। মামলার দিনই আদালত তার প্রতি সমন জারি করে গত ২১ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পরবর্তী সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এরপরও দীর্ঘ দিন আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার আসামির বিরুদ্ধে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আইনি প্রক্রিয়ার এই চূড়ান্ত ধাপের পরই আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন এই সংসদ সদস্য ও ধর্মীয় বক্তা। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

   

About

Popular Links

x