নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
এদিন সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে ব্যস্ত থাকাকালে বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ সাতজন আহত হন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন—শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।
ক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরোনো হওয়ায় মালিকপক্ষকে বারবার পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সেই অনুরোধে সাড়া দেয়নি।

এ ঘটনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। একইসঙ্গে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি কারখানা থেকে পরিবর্তনের আশ্বাস দেয় মালিকপক্ষ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “বয়লার বিস্ফোরণের ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে কারখানার মালিক নুরুল আমিন সুমনের সঙ্গে শ্রমিকদের আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন।”



