Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসামির আর্জেন্টিনার জার্সিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি বানিয়ে বিতর্ক, এসআইকে শোকজ

এ ঘটনায় অভিযুক্ত এসআইকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:২৩ পিএম

বরিশালে গ্রেপ্তার এক মাদক চোরাকারবারির আর্জেন্টিনার জার্সি পরা ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজিটালভাবে সম্পাদনা করে ব্রাজিলের জার্সি হিসেবে প্রচারের ঘটনায় এক পুলিশ উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত এসআই তানজিল আহমেদকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি তাকে বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল নগরীর মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি আর্জেন্টিনা দলের জার্সি পরা ছিলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তার একটি ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। পরে মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি সম্পাদনা করেন। সম্পাদিত ছবিতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি দেখানো হয়। এরপর সেই ছবিই ই-মেইল ও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে প্রকৃত ছবিটি পরে বিএমপির মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

বিএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে এসআই তানজিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার দাবি, চলমান বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার সৃষ্টি হতে পারে এমন ভাবনা থেকেই তিনি ছবিটি পরিবর্তন করেছিলেন।

তবে কমিশনার স্পষ্ট করে বলেন, “সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের ডিজিটাল বিকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লিখিত ব্যাখ্যা পাওয়ার পর বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x