ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের নামাজে জানাজা পড়েছেন আখাউড়ায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম খন্দকার।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। প্যারোলে মুক্তি পেয়ে দুপুরে বাড়িতে এসে মায়ের জানাজায় অংশ নেন মো. শাহআলম খন্দকার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুরে নিজ বাড়িতে মারা যান শাহআলম খন্দকারের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর শাহআলমকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
স্থানীয়দের মতে, শাহআলম খন্দকারকে দুপুরের দিকে পুলিশের পাহারায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গ্রামের বাড়ি নুরপুর আনা হয়। দুপুর ২টায় নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। হাতকড়া পরে শাহআলম জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া শাহআলম খন্দকার মায়ের জানাজায় অংশ নেন। এসময় নিয়ম অনুসারে পুলিশ পাহারা ছিল। তার হাতে হাতকড়া ছিল। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২৯ মে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।



