ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে `অবমাননাকর' পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওই ব্যক্তিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে তারা। পরে খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর কয়েকটি পোস্ট দেখতে পান তারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



