রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে তার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
আবুল কাসেম ফজলুল হককে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এর আগে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শ্রদ্ধা জানান। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
রবিবার আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তার মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং জাতীয় কবিতা পরিষদ পৃথক শোকবার্তা দিয়েছে।



