Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা যাহের আলভীর জামিন নামঞ্জুর

যাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন করেন

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

রাজধানীর মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

আদালতে যাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ১৮ জুন যাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিনও আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, একই মামলায় গত ৪ জুন আত্মসমর্পণ করার পর আলভীর মা নাসরিন সুলতানা জামিন পান।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএসের একটি বাসা থেকে যাহের আলভীর স্ত্রী ইকরাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্য ও বাসার মালিক তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ অভিযোগের ভিত্তিতেই মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলছে।

উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগে এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

   

About

Popular Links

x