Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, ২ মামলায় জরিমানা ৬ হাজার টাকা

ডিএমপি ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

রাজধানীতে উল্টোপথে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে করা দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, এদিন সকাল ৯টা ৮ মিনিটে একজন মন্ত্রীর ‘রেঞ্জ রোভার’ গাড়ি সার্কিট হাউস সড়ক দিয়ে উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ রেজিস্ট্রেশন নম্বরের পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়।

তিনি আরও জানান, চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো আইনের সম্পূর্ণ লঙ্ঘন। গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতের গাড়ি ছিল। ওই সময় তিনি গাড়িতেই ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা আরও বলেন, “বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগ মামলা হলো, যা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টোপথে যাওয়ার ঘটনা সংবাদমাধ্যমে এসেছে। তবে মামলার ঘটনা এই প্রথম।

পুলিশের উধর্বতন এক কর্মকর্তা বলেন, “যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন, যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহন ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।”

এদিকে, মন্ত্রীর গাড়ির উল্টোপথে চলার এই সংবাদে সচিবালয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়।

   

About

Popular Links

x