সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের সাতজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি।
কড়া পাহাড়ার কারণে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ৪৮ বিজিবি।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে তারা দু-দেশের শূন্য রেখায় অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, ১২৫১ সীমান্ত পিলারের ৩৩ নং সাব পিলারের পাশ দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা পুশইন রুখে দিয়ে তাদেরকে সীমান্তের ভারতীয় অংশে যেতে বাধ্য করেন। বর্তামনে সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতীয় অংশে এই সাতজন অবস্থান করছেন।
৪৮ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তের পরিবেশ শান্ত আছে বলেও জানান তিনি।



