আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সম্প্রতি দেওয়া নিজ মন্তব্যের জন্য অবশেষে জাতীয় সংসদে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মোঃ মনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বক্তব্য দিতে গিয়ে ব্যবহৃত অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য শিক্ষামন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জাতীয় সংসদের চলতি অধিবেশনে দাঁড়িয়ে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অনুশোচনা ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পরীক্ষার তারিখ পিছানো নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এই মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে যোগ দেয়।
আজ দিনভর সায়েন্সল্যাব মোড় অবরোধ, মিছিল ও শিক্ষাবোর্ড ঘেরাও কর্মসূচির পাশাপাশি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরেই সংসদে দাঁড়িয়ে নিজের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।



