উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এর আগে, প্রশ্ন-উত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম এইচএসসি পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। পরে বিলের ওপর আলোচনার সময়ও তিনি বিষয়টি উত্থাপন করেন।
শফিকুল ইসলাম জানান, সংসদ অধিবেশন চলাকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষার দিন অনেক এলাকায় বৃষ্টি হয়েছিল। অভিযোগ এসেছে, অনেক পরীক্ষার্থী ভিজে কেন্দ্রে পৌঁছেছেন এবং অনেকে পরীক্ষা দিতে পারেননি।’’
তিনি বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে। তখন পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষাও আবার নেওয়ার ব্যবস্থা করতে পারব, ইনশা আল্লাহ।’’



