শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আন্দোলনকারীদের দাবি দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পাকিজা মোড়ে অবস্থানরত শিক্ষার্থী আসিফ বলেন, “শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন-যা সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের নিন্দা জানাই। একইসঙ্গে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানাই।”
আমেনা নামে অপর এক শিক্ষার্থী বলেন, “শিক্ষামন্ত্রী হয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কাজেই তিনি মন্ত্রীপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন।”
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, শিক্ষার্থীরা বেলা ২টার পরপর মহাসড়কে নেমে এসেছেন। তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।



