Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম অনুমোদন

পূর্বের নামকরণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে ব্যাপক সমালোচনা ছিল

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বহুল আলোচিত তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে। গণশুনানির পর নবগঠিত তিন ইউনিয়নের নতুন নাম ঠিক করা হয়।

রবিবার (১৯ জুলাই) নতুন নামগুলো জানান জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে বেতগাড়ি ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের পরিবর্তে রহবল ইউনিয়ন নামকরণ করা হয়েছে।

ডিসি আরও জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

জানা গেছে, গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয়, মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন।

এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। এছাড়া সীমান্ত ও দিগন্ত তার (প্রতিমন্ত্রী) দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে রেখে নামকরণ করা হয়।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিষয়টি স্পিকারের নজরে আনেন। এরপর দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

অভিযোগ রয়েছে, স্বর্ণগ্রাম ইউনিয়নের নামটিও প্রতিমন্ত্রীর প্রবাসী ভাতিজির পারিবারিক নাম ‘স্বর্ণ’র নামে নামকরণ করা হয়েছে। কিন্তু এটা কারও নজরে আসেনি।

তবে প্রতিমন্ত্রী ইউনিয়নের নামকরণ তার ছেলে ও বাড়ির সঙ্গে মিলে যাওয়ার ঘটনাকে ‘কাকতালীয়’ বলে জানান। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, শুনানি নয় বরং স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশে ইউনিয়ন তিনটির নামকরণ করা হয়। সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় একটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দূরবর্তী অবস্থানেরকারণে আরেকটির নাম দিগন্ত রাখা হয়েছিল। তবে তিনি (প্রতিমন্ত্রী) পৈতৃকবাড়ি মীরবাড়ি ইউনিয়নের নামে নামকরণের বিষয়টি এড়িয়ে যান।

প্রতিমন্ত্রীর দাবি, দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণই যদি উদ্দেশ্য হতো তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।

সর্বশেষ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করতে বগুড়া জেলা প্রশাসককে ফোনে নির্দেশনা দেন। এরপর জেলা প্রশাসকের নির্দেশে গত ২১ জুন সীমান্ত, দিগন্ত ও মীরবাড়ি ইউনিয়নের নাম বদল করতে স্থানীয়ভাবে গঠিত কমিটি গণশুনানির আয়োজন করে।

গত ২৩ ও ২৫ জুন দু’দফায় তিনটি ইউনিয়নের নাম পাল্টাতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

   

About

Popular Links

x