দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এক নম্বর সংকেত দেখানোর বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৫ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।



