ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। প্রেষণ ও চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উম্মে মারুফাকে এই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের তৎকালীন প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেন। তার জায়গায় নতুন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাচ্ছেন উম্মে মারুফা।



