Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিন শর্তে পুনর্বহাল করেছে সরকার। এর মধ্য দিয়ে লাইসেন্স বাতিলের প্রায় দেড় মাস পর শর্তসাপেক্ষে হাসপাতালটি পুনরায় তাদের চিকিৎসাসেবা ও কার্যক্রম পরিচালনার অনুমতি পেল।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন কর্তৃপক্ষ সরকারের কাছে আপিল আবেদন করে। ওই আপিলের ভিত্তিতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় এবং গত ১৫ জুলাই কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত কমিটির পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের পূর্ববর্তী আদেশ প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।

তবে, পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে তিনটি শর্ত আরোপ করা হয়েছে। সেগুলো হচ্ছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের কোনো শর্ত ভবিষ্যতে লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

   

About

Popular Links

x