Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এই পরোয়ানা জারির আদেশ দেন

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাকে পলাতক দেখিয়ে এই আদেশ দেওয়া হয়।

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এই পরোয়ানা জারির আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আজমত হোসাইন জানান, গত ২০ মে ভুক্তভোগী নারী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে গত ১৪ জুলাই স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আজ প্রতিবেদনটি গ্রহণের নির্ধারিত দিনে আসামি অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার (এসপি) থাকাকালে ভুক্তভোগী নারীর সঙ্গে জহিরুল ইসলামের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। জহিরুল ইসলাম তার স্ত্রীকে তালাক দিয়ে বাদীকে বিয়ে করবেন, এমন প্রতিশ্রুতির ভিত্তিতে মাগুরার সরকারি বাংলো, অফিসের রেস্টহাউস এবং পরবর্তীতে ঢাকার বাসভবনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি বাদী অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হলে জহিরুল ইসলাম নিজের 'স্বামী' পরিচয়েই চিকিৎসার ব্যবস্থা পরিচালনা করেছিলেন।

পরবর্তী সময়ে তিনি পুলিশ সদর দপ্তরে বদলি হয়ে আসলেও এই সম্পর্ক বজায় রাখেন। তবে ২০২৫ সালের ১৩ জুলাই বাদী বিয়ের জন্য চাপ দিলে জহিরুল ইসলাম তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন এবং আইনি ব্যবস্থা নিলে তাকে ক্ষতির হুমকি দেন বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর ভুক্তভোগী পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছেও লিখিত অভিযোগ করেছিলেন। তবে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।

অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

   

About

Popular Links

x