সারা দেশে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার কথা জানিয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এই নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলায় রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে সারা দেশে বোমা হামলাসহ নাশকতামূলক তৎপরতার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় বাহিনীর সব সদস্যকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশজুড়ে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ইউনিট প্রধানদের কাছেও পৃথকভাবে বার্তা পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবারের গোয়েন্দা তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা বোমা হামলাসহ নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।”



