কক্সবাজার ও চট্টগ্রামের বন্যাকবলিত এলাকাসহ মহেশখালীর গভীর সমুদ্র বন্দর এলাকায় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি মহেশখালী পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেবেন এবং তাদের পুনর্বাসনবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।”
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নির্ধারিত ৬টি কর্মসূচি শেষ করে রাতে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফিরবেন।’’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৩ জুন কক্সবাজার সফরে গিয়েছিলেন তারেক রহমান।
এবার বাঁশখালীর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত করবেন বলে জানা গেছে।
এরপর বিকেলে হাটাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।



