Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাফ নদীতে ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিনজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

শনিবার (৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০), একই এলাকার মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় অজ্ঞাত এক কিশোর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়। এর আগেও একই এলাকা থেকে বিভিন্ন সময়ে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, “নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।“ তার ভাষ্যে, “আরাকান আর্মির সদস্যরা সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়, যার ফলে স্থানীয় জেলেদের মধ্যে সার্বক্ষণিক আতঙ্ক বিরাজ করছে।“

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছেন এবং এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

   

About

Popular Links

x