রাতে মেট্রোরেলে যাত্রীদের ভিড় কমাতে আরও দুটি ট্রেন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি আগস্ট মাসের শেষ দিকে নতুন দুটি ট্রেন চালু হতে পারে। এতে রাতের শেষ ট্রেনগুলোর মধ্যকার বিরতি ২০ মিনিট থেকে কমে ৭-৮ মিনিটে নেমে আসবে।
এর পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে ৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৭ জুন থেকে রাতে উভয় দিকেই মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিটের বিরতি থাকায় ওই সময়ে যাত্রীদের চাপ বেড়ে যায়। দুটি ট্রেন বাড়ানোর পর দৈনিক যাত্রীসংখ্যাও প্রায় ১০ হাজার বেড়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দুটি ট্রেন চালুর পর রাতের যাত্রীদের চাপ কিছুটা কমবে। বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে রাতের শেষ ট্রেন ছাড়ে সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের দিকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে।
রাতে চলাচলের সময় আরও বাড়াতে অতিরিক্ত চালক প্রয়োজন। ইতিমধ্যে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে, যা আগামী ২৬ আগস্ট শেষ হওয়ার কথা। প্রশিক্ষণ শেষে তাদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে। একই সঙ্গে রাতে সময় বাড়ানোর পর রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কাজ কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।



