Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতার আগুন কেড়ে নিলো কুষ্টিয়ার একই পরিবারের ৪ জনের প্রাণ

নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু গিয়েছিলেন 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফশানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। 

নিহত সবার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ খবর কুষ্টিয়ায় পৌঁছালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

নিহত দেবাশীষ দত্ত চ্যানেল নাইন, আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। 

এর আগে, এই সাংবাদিক এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের চার সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) তারা কলকাতায় ফেরেন এবং একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতেই হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দেবাশীষ দত্তের শ্বশুর মো. আকরাম আলীসহ পরিবারের চারজনই নিহত হন। 

দেবাশীষ দত্তের ৮ বছর বয়সী মেয়ে মহিমা কুষ্টিয়ার বাড়িতেই ছিল। ফলে অগ্নিকাণ্ডের সময় সে পরিবারের সঙ্গে ভারতে ছিল না।

ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।  

ভারতের পিটিআই, এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে ৮ জন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। 

সাংবাদিক দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

   

About

Popular Links

x