জয়পুরহাটের পুরানাপুল এলাকায় ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী। ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহী যাচ্ছিল।
শনিবার (২২ আগস্ট) সকালে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
এদিকে, পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ট্রেনের পরিচালক জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর দেওয়া হলে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।



