Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

১০ মাসেরও বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

তাকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০২:১৯ এএম

২০২৪ সালের ১ নভেম্বর থেকে টানা ১০ মাসেরও বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মনিরুজ্জামান (পরিচিতি নম্বর ২০৬৮৯) ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় এবং ৩১ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে অবমুক্ত করা হয়। কিন্তু ওই বছরের ২১ ডিসেম্বর পর্যন্তও তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেননি বলে বিভাগীয় কমিশনার জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেন।

পরে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে তাকে বদলি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হলেও সেখানেও তিনি যোগদান করেননি।

এসব ঘটনায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার বিরুদ্ধে “অসদাচরণ” ও “পলায়ন” এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্তে অভিযোগ দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি কোনো জবাব দেননি।

পরবর্তীতে সরকারি কর্ম কমিশনও (পিএসসি) বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলে রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ ২০২৪ সালের ১ নভেম্বর থেকেই মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হলো।

   

About

Popular Links

x