Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তে ঢুকে কৃষকদের মারধর, অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের ধাওয়ার মুখে দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, আমঝোল সীমান্তের একটি ক্ষেতে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে স্থানীয়দের ধাওয়ার মুখে দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যান।

খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক অনুষ্ঠিত হলে বিস্তারিত জানানো হবে।

   

About

Popular Links

x