দিনাজপুর পুলহাট বিসিক এলাকায় ফুয়াদ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিলের গুদাম থেকে ২১৭ বস্তা অবৈধভাবে মজুদ করে রাখা সার উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে শহরের পুলহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে ওই হাসকিং মিলে অভিযান চালানো হয়।
অভিযানের সময় দেখা যায়, গোডাউনে মজুদ রাখা সার বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছে। এ সময় গোডাউন থেকে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে রাখার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুদ ও পাচারের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
জানা যায়, মনোহর দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় সারের খুচরা ব্যবসা করেন।



