Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাকে শিরশ্ছেদ করে হত্যার অভিযোগ স্কুল শিক্ষক ছেলের বিরুদ্ধে

তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

যশোর সদর উপজেলায় নিজের মাকে ধারালো বটি দিয়ে শিরশ্ছেদ করে হত্যার অভিযোগ উঠেছে স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়ারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম (৫৮) বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪০) লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন এর আগে দুটি বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জেরে দুই স্ত্রীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়। এ জন্য মামুন তার মাকে দায়ী করতেন। বিষয়টি নিয়ে এর আগেও মায়ের সঙ্গে তার বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না।

প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার বিকেলে মামুন বাড়িতে ফেরেন। এ সময় মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মায়ের গলায় কয়েকটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে মামুন পালিয়ে যান।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান। তিনি বলেন, “পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

   

About

Popular Links

x