দণ্ডবিধির ধারা ১২৪এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। পরে রিটকারী এই আইনজীবী জানান, রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে, দণ্ডবিধির ধারা ১২৪এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিট আবেদনটি দায়ের করেন। রিটে আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ আইন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের রয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহীতার আইনটি একটি ঔপনিবেশিক আমলের আইন, যা মূলত স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং এটি একটি গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
রিট আবেদনে বলা হয়, এই ধারা সংবিধানের অনুচ্ছেদ ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থি। এ কারণে ধারা ১২৪এ-কে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করে এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়।



