Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় করা মামলায় দুই অজ্ঞাত রেল পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ ওই নারীর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় এক নারীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার নাটোর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী রাতে ওই থানায় মামলা করেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, মামলায় ক্যান্টিন বয়ের নাম রয়েছে। গ্রেপ্তার ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর গ্রামের বাসিন্দা। এছাড়া দুইজন অজ্ঞাত রেল পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে ওই নারী ঢাকা ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের যাত্রী ছিলেন। চলন্ত ট্রেনের মধ্যে ওই নারীকে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক ধর্ষণ করেন। এ সময় অজ্ঞাত পরিচয় দুইজন রেল পুলিশ তার শ্লীলতাহানী করেন। ওই নারীর চিৎকারে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন। এছাড়া ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি দুলাল উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার নারীকে উদ্ধার ও জড়িত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x