মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিকট বিস্ফোরণ ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ইতালি প্রবাসী ও স্থানীয় এক যুবদল নেতার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। এক পর্যায়ে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটলে বাড়ির টিনের চালের একাংশ উড়ে যায়।
আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, বিস্ফোরণের পরপরই আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বর্তমান অবস্থান বা চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। স্থানীয়দের দাবি, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে বাইরে থেকে কারিগর এনে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং চলমান বিরোধকে কেন্দ্র করে আরও সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।



