Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো অটোরিকশা, নিহত ৩

এ ঘটনায়‌ আরও তিনজন আহত হয়েছেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সজিব মিয়া বলেন, “ফুলবাড়িয়া থেকে মাওনা চৌরাস্তাগামী সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”

দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাড়ি সরানোর পাশাপাশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর হতহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসক প্রথমে দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আরো একজন মারা যান। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।”

   

About

Popular Links

x