Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন (৫৮) এসবি’র (স্পেশাল ব্রাঞ্চ) ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ওই হামলায় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

পরে রাত সাড়ে নয়টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “এক এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় পিটিয়ে  হত্যা করেছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাবো।”

এসবি'র সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির সাব ইন্সপেক্টর। তবে তিনি সাভার জোনের নয়, তিনি ঢাকার কোনো এক জোনে কর্মরত। সাভারের আমিনবাজরে তার জায়গা আছে। কেন কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “গাড়ি পার্কিংয়ের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই পুলিশের ওই এসআই হামলার শিকার হন।”

শামীমা পারভীন বলেন, “একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x