Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা, চলাচলে বিঘ্ন

গণপরিবহন চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

পঞ্চগড়ে হঠাৎ দেখা দেয় ঘন কুয়াশা। এর ফলে দেশের উত্তরের জেলা শহরের সড়ক থেকে গ্রামের পথঘাট সবকিছুই আবছা হয়ে পড়ে। কমে যায় যানবাহনের গতি। চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল জেলার বিভিন্ন এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা তারা আগে দেখেননি। ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীত পড়েছে বলে মনে করছেন। যদিও তখন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনও দেখিনি।”

অটোরিকশা চালক আব্দুর রহিম বলেন, “সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।”

তিনি জানান, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘ থাকায় এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় কুয়াশা তৈরি হচ্ছে।

   

About

Popular Links

x