বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে যৌথভাবে কাজের পরিধি বাড়ানো এবং ঢাকা-নয়াদিল্লির মধ্যে পারস্পরিক সহযোগিতা দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। এছাড়া সীমান্ত পারাপার, যোগাযোগ অবকাঠামো এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পর্যালোচনা করা হয়েছে।
এদিকে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার ও বাণিজ্য প্রসারের স্বার্থে ‘মৈত্রী এক্সপ্রেস’সহ যাত্রীবাহী ট্রেন সেবা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন ঘটলে দুই দেশের জনগণের মধ্যকার সুসম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ পুনরায় শুরু হলে সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও দ্বিপাক্ষিক পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে গতিশীল হবে।



