পাবনার সাঁথিয়া উপজেলায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর ইউনিয়নের মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে নিখোঁজের ১৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিজ ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে এটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন স্থানীয়রা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,“পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে।



