মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া না দিয়ে হাইকোর্ট বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি অ্যাপ্লিকেশন দিয়েছিল, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। আমি আদালতে বলেছি, সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা হলো ৪০-এ। ৪০-এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো অফেন্স। এবং পানিশেবল অফেন্স, এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা।
এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে-রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।”
অর্থাৎ, কোনো বাসকে স্লিপার বাসে রূপান্তর করার ক্ষেত্রে নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন বা কারিগরি বৈশিষ্ট্য মানা হয়েছে কি না, সেটির ওপর গুরুত্বপূর্ণ দিয়েছেন আদালত বলে জানান তিনি।
আদালতের নির্দেশ অনুযায়ী, বিআরটিএ যে বাসগুলোকে আইন অনুযায়ী চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে। স্লিপার বাস চালানোর জন্য আলাদা অনুমোদন না থাকলে শুধু আবেদনের ভিত্তিতে মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ নেই।



