রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই নির্মূলে কঠোর বার্তা দিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ঘোষণা করেছেন, এ এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে আয়োজিত নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘‘মোহাম্মদপুরে অপরাধ দমনে মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের তালিকা ধরে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। শুধু পরিসংখ্যানের উন্নতিতে সন্তুষ্ট না থেকে এলাকাটিকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। কিশোর গ্যাং প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিএমপি যৌথভাবে দৈনিক অভিযান পরিচালনা করবে।’’
অপরাধ দমনে জনতার প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা আহ্বান জানান। পাশাপাশি তেজগাঁও বিভাগের বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালী ও জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন। ছিনতাইকারীদের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে অস্ত্র প্রয়োগের হুশিয়ারিও দেন তিনি। এছাড়া চন্দ্রিমা হাউজিংয়ে আদালতের রায় সাপেক্ষে নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়।
সভায় এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশ, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গনি, র্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



