Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসি সচিব: স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর

মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, “আমরা ১৭ সেপ্টেম্বর অংশীজন যারা আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে এবং যারা নির্বাচন ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত তাদের নিয়ে আমরা একটা মিটিং করবো। এই মিটিংয়ের পরে কমিশন যে ইনপুট পাবে। সেই ইনপুটের ভিত্তিতে কমিশন (স্থানীয় সরকার নির্বাচন) তফসিল চূড়ান্ত করবেন।”

তিনি আরও বলেন, “ওইদিন আবারও আপনাদেরকে এ বিষয়ে আপডেট তথ্য জানানো হবে। মিটিংয়ে ইনপুট পাওয়ার পরেই কমিশনই এ বিষয়ে ব্রিফ করবে।”  

উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।

   

About

Popular Links

x