রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর ঘিরে তাকে স্বাগত জানাতে রাজপথে সরব ছিল সিলেট মহানগর বিএনপি। তবে রাষ্ট্রপতির সম্মানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেখা যায়নি দলটির কোনো নেতা-কর্মীকে। আমন্ত্রণ ও সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণেই মহানগর বিএনপি অনুষ্ঠানটি বর্জন করেছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করে সিলেট সিটি করপোরেশন। রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হয়ে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে পুরো অনুষ্ঠানজুড়ে মহানগর বিএনপির দৃশ্যমান কোনো উপস্থিতি ছিল না।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে শুরু থেকেই ইতিবাচক অবস্থানে ছিল মহানগর বিএনপি। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে নগরের সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা। রাষ্ট্রপতির হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের সময়ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
তবে সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনার বিষয়টি সামনে আসার পর দলটির অবস্থানে পরিবর্তন আসে।
মহানগর বিএনপির অভিযোগ, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলটির নেতাদের যথাযথ মর্যাদা ও প্রটোকল অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়নি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন নাগরিক সংবর্ধনা বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘নাগরিক সংবর্ধনায় মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না। আমাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।’’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কট করেছে।’’
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে যান রাষ্ট্রপতি। সফরসূচি অনুযায়ী বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি।



