হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০টি শিশু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৪ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে ১ হাজার ১৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র পেয়েছে।



