দেশে গ্যাসের সংকটের মধ্যে নতুন করে আশার খবর দিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) এ কাজ করছে। এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্র ও প্রয়োজনীয় মালামাল মোবিলাইজেশনের কাজ শেষ করা হয়।
জাতীয় জ্বালানি চাহিদা পূরণে বিজিএফসিএলের আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় চারটি কূপে গ্যাসের মজুত যাচাই ও উৎপাদনের কাজ এবং দুটি গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাতটি কূপের ওয়ার্কওভার এবং তিতাস গ্যাসক্ষেত্রের দুটি লোকেশনে ছয়টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজ চলছে।
এছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের ১,৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক সাইসমিক জরিপ করা হচ্ছে।
বিজিএফসিএল জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়নের জন্য আটটি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় ১০টি নতুন কূপ খনন ও ১০টি বিদ্যমান কূপের ওয়ার্কওভার করা হবে। পাশাপাশি তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী গ্যাসক্ষেত্রের আশপাশে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক সাইসমিক জরিপের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।



