রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন।
গ্রেপ্তাররা হলেন- মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।
এদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে ডিবি।
মোল্লা মো. শাহীন বলেন, “গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করি।”
“পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের ২৫৮ নম্বর ১০ তলা বাড়ির তার ভাড়া বাসার নিচ তলার পাকিং এর মাঝের পিলারের সাথে ইটের সুড়কির বস্তার মধ্যে থেকে লাল রংয়ের কসটেপ মোড়ানো ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার রায়হান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২নং ওয়ার্ডের ৬নং ইউনিটের দপ্তর সম্পাদক।তিনি গত বছর মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস জেল হাজতে ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য।”
গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিক্সা চালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।



