ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তি আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত তরুণের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণীর বাড়িতে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে এ তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



